বার্ষিকীতে বর্ণিল ঢাকা বিশ্ববিদ্যালয়

রাত পোহানোর আগেই শেষ হয়েছিল বর্ণিল সাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে জমকালো আলোকসজ্জা করা হয়। মোড়ে মোড়ে নির্মাণ করা হয় রংবেরঙের তোরণ। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের করিডরগুলো সাজানো হয় বেলুন, ফেস্টুন আর আলপনার ছোঁয়ায়।
গতকাল শনিবার এমনই নতুন এক ক্যাম্পাসের দেখা মেলে। ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক বন্ধ থাকলেও আয়োজনের কমতি ছিল না। ১৯২১ সালের এই দিনে দেশের সবচেয়ে প্রাচীন এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে মূল অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের পতাকা তোলেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষরা তাঁদের নিজেদের হলের পতাকা উত্তোলন করেন। তারপর বিশ্ববিদ্যালয়ের লোগো–সংবলিত বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাদের আজীবন স্বপ্ন ছিল একটি সত্যনিষ্ঠ জাতি গঠন করার। যেখানে কোনো বৈষম্য-ভেদাভেদ থাকবে না। আর তা বাস্তবায়ন করতে নৈতিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠন করা সময়ের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি গত বছরের এই দিনে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। ব্যানার-ফেস্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের নেতৃত্বে ঘোড়ার গাড়িতে চড়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে, ব্যানার–ফেস্টুন নিয়ে মল চত্বরে তাঁরা হাজির হন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে যোগ দেন প্রাক্তন শিক্ষার্থীরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী এবং কার্জন হলে বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্ভাবিত চিকিৎসাপ্রযুক্তি, যন্ত্রপাতি ও গবেষণা প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হলগুলোতে দিনব্যাপী নিজস্ব কর্মসূচি ছিল। গ্রীষ্মকালীন অবকাশেও দুপুর ১২টা পর্যন্ত অফিসগুলো ছিল খোলা।