বার্সেলোনা রাখছে না আবিদালকে

দীর্ঘ ছয় বছর বিশ্বস্ততার সঙ্গে বার্সেলোনার রক্ষণভাগ সামলেছিলেন এরিক আবিদাল। কিন্তু আগামী মৌসুম থেকে আর বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না এই ফরাসি ডিফেন্ডারকে। এবারের মৌসুম শেষেই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৩৩ বছর বয়সী আবিদালের। নতুন কোনো চুক্তি এখনই করা সম্ভব না হওয়ায় বার্সেলোনা থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে।
২০০৭ সালে ফরাসি ক্লাব অলিম্পিক লিয়ন থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এরিক আবিদাল। তারপর স্পেনে চারটি সফল মৌসুম কাটিয়েছেন তিনি। এ সময় জিতেছেন চারটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি কিংস কাপের শিরোপা। বার্সেলোনায় আর খেলা হবে না নিশ্চিত হয়ে যাওয়ার পর হয়তো কিছুটা বিষণ্নই হয়ে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার। আজ এক সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে আবিদাল বলেছেন, ‘আমি বার্সেলোনার হয়ে খেলতে বা এখানেই থেকে যেতে পছন্দ করতাম। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ হয়তো কিছুটা ভিন্নভাবে চিন্তা করছে। আর আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে আমি আশা করছি, আবার হয়তো কোনো দিন এখানে ফিরতে পারব। কারণ, এটা আমার জন্য খুবই বিশেষ একটা ক্লাব।’
আবিদালের জন্য বার্সেলোনার দরজা সব সময়ই খোলা থাকবে বলে জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট স্যান্ড্রো রোচেল। অবসর নেওয়ার পর আবিদালকে ইয়ুথ একাডেমির টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রোচেল। তিনি বলেছেন, ‘তিনি আমাদের হূদয় জয় করে নিয়েছেন। সব ধরনের কঠিন সময়কে পার করে আসার দৃঢ়তা তাঁর আছে। আবিদাল আমাদের এমন কিছু শিখিয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। আমরা তাঁকে বিদায় বলছি না। পুরোপুরি অবসর নেওয়ার পর বার্সেলোনার দরজা তাঁর জন্য সব সময়ই খোলা থাকবে। আমরা তাঁকে স্বাগত জানিয়ে ইয়ুথ একাডেমির টেকনিক্যাল ডিরেক্টরের পদ গ্রহণের আহ্বান জানাব।’
২০১১ সালে লিভার টিউমার ধরা পড়েছিল এরিক আবিদালের। অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে দ্রুতই আবার বার্সেলোনার প্রথম একাদশে জায়গা করে নেন এই ফরাসি ফুটবলার। ২০১১ সালের বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন এই লেফট ব্যাক। রয়টার্স