বার্সেলোনায় শেষ হলো বিশ্ব মোবাইল কংগ্রেস
বার্সেলোনার ফিয়েরা গ্রানভিয়ায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (জিএসএমএ) গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তথ্যপ্রযুক্তির চার দিনের এ বিশ্ব সম্মেলন গত সোমবার শুরু হয়েছিল।
সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৮০ হাজার প্রতিনিধি অংশ নেন। মোবাইল ফোন অপারেটর, মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অ্যাপস, অবকাঠামো, নেটওয়ার্কিং ও ইন্টারনেট সেবাদাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা তাঁদের পণ্য, সেবা ও প্রযুক্তির বিভিন্ন ব্যবহার ও সর্বশেষ প্রযুক্তি প্রদর্শন করেছেন।
শেষ দিনে পাঁচটি সেমিনার হয়। সেমিনারে একাধিক বক্তা মুঠোফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, মুঠোফোনে মানুষের অনেক ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে। তাই আগামী দিনে মুঠোফোনের নিরাপত্তা আরও জোরদার করা হবে।
সম্মেলনের প্রথম দিনের চমক ছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের বক্তৃতা। তাঁর বক্তব্য মোবাইল ফোন অপারেটরদের ভাবিয়ে তুলেছে। তিনি সদ্য কেনা নতুন সফটওয়্যার হোয়াটসঅ্যাপের পক্ষে কথা বলেন।
সম্মেলন উপলক্ষে মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং বার্সেলোনায় সাম্প্রতিক সময়ে আলোচিত মুঠোফোন গ্যালাক্সি এস৫ ছেড়েছে। এই ফোন আগামী এপ্রিল নাগাদ বিশ্বের ১৫০টি দেশে পাওয়া যাবে। এ ছাড়া সনি, এলজি, হুয়াউয়েসহ বিভিন্ন প্রতিষ্ঠান নতুন মুঠোফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করছে।
সম্মেলনে এবারের ১৯তম জিএসএমএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের গ্রামীণফোন গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড পায়। গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ এ পুরস্কার গ্রহণ করেন। সম্মেলনের দ্বিতীয় দিনে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস ওয়ার্ল্ড কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে বালাদেশের টেলিযোগাযোগের অগ্রগতিকে বাতিঘর (লাইট হাউস) বলে আখ্যায়িত করেছিলেন।