ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন সাতটি গরু জবাই করে মেজবানের আয়োজন করে। সাধারণ লোকজনকে খাওয়ানোর কথা থাকলেও এই মেজবানের মাংস বালতি ভরে নিয়ে যান ওয়ার্ড কাউন্সিলরসহ অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তা। তাই আমন্ত্রণ পেয়ে এসেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে খেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে না খেয়ে চলে যান।নগরের বহদ্দারহাটে অবস্থিত স্বাধীনতা পার্কে এই মেজবানের আয়োজন করা হয়। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নগরের অনেক গণ্যমান্য ব্যক্তি তাতে আমন্ত্রণ পান। খাওয়ানোর ব্যবস্থা রাখা হয় সাধারণ মানুষকেও। দুপুরে মেয়র মোহাম্মদ মন্জুর আলম এসে মেজবান তদারক করেন। জানা যায়, তিনি যতক্ষণ সেখানে ছিলেন, ততক্ষণ সবকিছু ঠিকমতো চলছিল।সিটি করপোরেশনের ঠিকাদার শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেয়র চলে যাওয়ার পর গরুর মাংসের হরিলুট শুরু হয়। লাইন ধরে লাল বালতি রেখে তাতে মাংস ভরা হয়। এরপর সেগুলো তুলে দেওয়া হয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে। তাই শেষ দিকে কিছু খাসির মাংস থাকলেও গরুর মাংস আর ছিল না। এ কারণে অনেককে না খেয়ে চলে যেতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা পেয়েছি, তবে মনে হয় ৫৪ জন কাউন্সিলর আর ২০ জন কর্মকর্তার বাইরে কেউ মাংস নেননি। অবশিষ্ট মাংস স্বাধীনতা পার্কেই খাওয়ানো হয়।’ এদিকে মেজবানের তদারককারী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী দাবি করেন, ‘আমরা ১৫ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছি। একসঙ্গে দুই হাজার লোক খাওয়ার জন্য বসার ব্যবস্থা ছিল। কোথাও অনিয়ম হয়নি।’