বালতি হাতে ভোটারের বাড়িতে ‘সোনাভাই’
তাঁর হাতে শোভা পেত ‘ছুটির ঘণ্টা’। সেই ঘণ্টার বদলে এখন হাতে উঠেছে নতুন বালতি। বালতি হাতে তিনি ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। ভোট চাইছেন বালতি মার্কায়। জয়পুরহাটের কালাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে এই প্রার্থীর নাম মো. ছানাউল্লাহ সরকার। কালাইয়ের ময়েন উদ্দিন উচ্চবিদ্যালয়ের দপ্তরি (পিয়ন) ছানাউল্লাহ শিক্ষার্থীদের কাছে ‘সোনাভাই’ আর শিক্ষকদের কাছে ‘সোনামিয়া’ নামেই পরিচিত। ১২ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।এ ছাড়া এই ওয়ার্ডে কাউন্সিলর পদে দাদ এলাহী মোরগ প্রতীক, ওবায়দুর রহমান মোল্লা হরিণ ও মো. আলাউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। তাঁরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ২৭ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর থেকেই ‘সোনাভাই’ একটি নতুন বালতি হাতে ভোটারদের বাড়ি গিয়ে ভোট চাইছেন। ছানাউল্লাহ জানান, নারী ভোটাররা যাতে তাঁর প্রতীক চিনতে ভুল না করেন, সে জন্যই হাতে বালতি রাখা। তাঁর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী। স্থাবর সম্পদ পৌনে ১১ শতক জমি। নিজের ৫০ হাজার টাকা থাকলেও স্থানীয় একটি ব্যাংকে ২৫ হাজার টাকা ঋণ আছে। তিনি আত্মীয়স্বজনের টাকায় নির্বাচন করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।দপ্তরির পেশায় থেকে ভোটের লড়াইয়ে নামায় সাধারণ ভোটারদের পাশাপাশি ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘সোনাভাইয়ের জন্য শুভকামনা রইল।’ ছানাউল্লাহ সরকার বলেন, ‘দলমত-নির্বিশেষে এলাকার সর্বস্তরের ভোটারের সমর্থন নিয়েই ভোটে জয়লাভ করতে চাই। জিতলে কোনো দলের হয়ে নয়, সাধারণ মানুষের হয়েই কাজ করব; জনসেবায় নিজেকে বিলিয়ে দেব।’