বালাইনাশকের ব্যবহার নিয়ে কৃষিবিদদের উদ্বেগ
চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে অতিরিক্ত বালাইনাশক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষিবিদেরা। এলোপাতাড়িভাবে বালাইনাশক দিতে থাকলে অদূর ভবিষ্যতে জেলার সম্মিলিত কৃষি হুমকির মুখে পড়ার পাশাপাশি জেলাবাসী চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় ‘চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে সমস্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে মতবিনিময় সভায় কৃষিবিদেরা এসব আশঙ্কার কথা বলেন।বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট, চাঁপাইনবাবগঞ্জ শাখা মতবিনিময় সভার আয়োজন করে। এতে আমচাষি, ব্যবসায়ী ও বালাইনাশক পরিবেশকেরা অংশ নেন। সভায় আরও বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসিদুল হক, জাহাঙ্গীর হোসেন, কৃষিবিদ ইনস্টিটিউট জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আবদুল্লাহ প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, ‘সাময়িক লাভের জন্য চাষিরা অতিরিক্ত বালাইনাশক ব্যবহার করে আমগাছের স্থায়ী ক্ষতির পাশাপাশি পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন। আর চাষিদের অতিরিক্ত বালাইনাশক ব্যবহারে প্রভাবিত করছে কোম্পানির নিয়োজিত কর্মকর্তা ও স্থানীয় পরিবেশকেরা। এলোপাতাড়ি বালাইনাশক ব্যবহারের কারণে অনেক উপকারী ও প্রয়োজনীয় পোকামাকড় মরে যাচ্ছে। এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে জনসাধারণ।’ অনুষ্ঠানে কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন ও মাসিদুল হক জানান, আমগাছে সাধারণত তিন-চারবার বালাইনাশক ছিটালেই চলে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোয় ১৫ বারের বেশি বালাইনাশক ছিটানো হয়।