বালাগঞ্জ ও জগন্নাথপুরে বন্যা, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বালাগঞ্জে পানির চাপে কুশিয়ারা বন্যানিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থানে ভেঙে গেছে। ওই ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে উপজেলার অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।কুশিয়ারা বন্যানিয়ন্ত্রণ বাঁধের বালাগঞ্জ-শেরপুর অংশের হামছাপুর, গালিমপুর ও ফাজিলপুরের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে। এ ছাড়া বাঁধের শেরপুর-কালাইনজুরা অংশের সেয়দপুরে বাঁধ উপচে পানি ঢুকছে।এতে বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট। পানির মধ্যেই বসবাস করছে এলাকার মানুষ। খাদ্য ও আশ্রয়ের আভাবে অর্ধাহার-আনাহারে কাটছে তাদের দিন।পূর্ব পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলুছ মিয়া বলেন, ‘মাত্র কিছুদিন আগে বোরো ফসল পানিতে নষ্ট হয়েছে। এখন বন্যার কবলে পড়ে এলাকার গরিব মানুষের করুণ অবস্থা। ঘরে-বাইরে পানি, কী করে বাঁচবে মানুষ।’বালাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিকেশ চন্দ্র রায় বলেন, ‘আমাদের হাতে এখনো কোনো ত্রাণ আসেনি। বিভিন্ন এলাকার খোঁজখবর নিচ্ছি।’সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ, পাইলগাঁও ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল জানান, তাঁর ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় লোকজন খুব কষ্ট করছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বলেন, উপজেলার তিনটি ইউনিয়নের কমপক্ষে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।