বালাগঞ্জে অপহূত শিশু শ্রীমঙ্গলে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলা থেকে গতকাল সোমবার অপহরণের ছয় ঘণ্টার মাথায় অপহূত শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আবদুল আজিজ (৩৮) বালাগঞ্জের হাঁড়িয়ারগাঁও গ্রামের মহব্বত আলী খানের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতে শুরু করেন সপ্তাহখানেক আগে। তিনি গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মহব্বত আলীর ছেলে জিয়াউল করিমকে (৯) মক্তবে নিয়ে যাওয়ার কথা বলে তাকে নিয়ে ঘর থেকে বের হন।র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক কর্মকর্তা কাওসার মাহমুদ জানান, আজিজ জিয়াউলকে অপহরণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের করে আনেন। তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে নিয়ে এসে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তোলেন। জিয়াউল কান্নাকাটি শুরু করলে ট্রেনযাত্রীদের সন্দেহ হয়। যাত্রীদের কেউ মুঠোফোনে বিষয়টি র‌্যাবকে জানায়। র‌্যাবের একটি দল বেলা সাড়ে ১১টার দিকে সাতগাঁও স্টেশনে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় জিয়াউলকে উদ্ধার ও আবদুল আজিজকে গ্রেপ্তার করে।র‌্যাবের ক্যাম্পে জিয়াউল জানায়, সে বালাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। আজিজ তাকে কবর জিয়ারতের কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।