বালাগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে সংবাদকর্মীসহ আহত ১০
সিলেটের বালাগঞ্জে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে সংবাদকর্মীসহ উভয় পক্ষে ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও দোকানপাট। সাদীপুর ইউনিয়নের শেরপুর নতুন বাজারে ঘটনাটি ঘটে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বালাগঞ্জের সাদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেরপুর নতুন বাজারে সায়রা কমিউনিটি সেন্টারের নিচে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপির নেতা-কর্মীরা সাবেক সাংসদ ইলিয়াস আলীকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল বের করেন। মিছিলটি কমিউনিটি সেন্টারের সামনে এলে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ছবি তুলতে গেলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী স্থানীয় দৈনিক শ্যামল সিলেট-এর সংবাদকর্মী জয়নাল আবেদীনের ক্যামেরা কেড়ে নিয়ে তাঁকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করেন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে যুবলীগের কর্মী কওছর, ছাত্রলীগের কর্মী এমরান, আওয়ামী লীগের নেতার ছেলে এমজাজ আহত হন। অপরপক্ষে ছাত্রদল ও যুবদলের কর্মী আলী হোসেন, আনু মিয়া, আবদুল করিম, আলী আহমদ, জয়নাল মিয়া, জাহাঙ্গীর আলম আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি তাত্ক্ষণিকভাবে প্রতিবাদ সভা এবং সভা শেষ মিছিল বের করলে পুলিশের উপস্থিতিতে আবারও উভয় পক্ষে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতা আবদুর রব ও মইনুল ইসলামের ব্যক্তিগত দুটি গাড়ি এবং বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের আটটি মোটরসাইকেল ও ছয়টি দোকান ভাঙচুর হয়। অপরদিকে যুবলীগের দুজন কর্মীর দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়েছে।ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ওসমানীনগর বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক এমরান রব্বানী, বিএনপির নেতা মইনুল ইসলাম ফারুক, গিয়াস মিয়া প্রমুখ। সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফর আলী বলেন, ‘আমাদের আলোচনা সভায় বিএনপি হামলা করেছে। এতে আমাদের তিনজন কর্মী আহত হয়েছে।’ ওসমানীনগর থানা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা বলেন, আওয়ামী লীগের কেউ দোকান কিংবা গাড়ি ভাঙচুর করেনি। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রব বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আনন্দ-মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। প্রতিবাদ সভার পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা এবং বিএনপির নেতা-কর্মীদের গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়।’ওসমানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরাই দুবার আমাদের ওপর হামলা চালিয়েছে। নেতা-কর্মীদের গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেছে। এর প্রতিবাদে আমরা রোববার তাজপুর বাজারে প্রতিবাদ মিছিল করব। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’