বালাগঞ্জে আশ্রয়কেন্দ্রে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুই ব্যক্তির বিরুদ্ধে বন্যা আশ্রয়কেন্দ্রে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই দুই ব্যক্তি হলেন গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী গ্রামের মিছবাহ মিয়া ও তেরহাতী গ্রামের আবদুুল কুদ্দুছ শেখ। তাঁদের বিরুদ্ধে ওই গৃহবধূ মামলা করেছেন। অন্যদিকে এ অভিযোগকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে মিছিল করেছেন তাঁদের সমর্থকেরা।মামলার বাদী অভিযোগ করেন, বন্যার কারণে তিনি স্বামী ও দুই সন্তানকে নিয়ে কিছুদিন আগে নিজকরনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন। গত সোমবার রাত তিনটার দিকে তাঁর স্বামী আশ্রয়কেন্দ্রের বাইরে থাকায় মিছবাহ মিয়া ও কুদ্দুছ শেখ সেখানে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। পরে মঙ্গলবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ করলে গতকাল বুধবার পুলিশ সেটিকে মামলা হিসেবে তালিকাভুক্ত করে। এদিকে অভিযুক্তদের সমর্থকেরা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মিছিল করে ওসমানীনগর থানা ঘেরাও করেন। গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ জানান, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত একটি কমিটি গঠন করেছে। অভিযুক্ত আবদুল কুদ্দুছ শেখ বলেন, আগামী ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে এ মামলা করা হয়েছে। মিছবাহ মিয়াও একে ষড়যন্ত্রমূলক মামলা বলে আখ্যায়িত করেছেন।