বালাগঞ্জে উন্নয়ন সমন্বয় সভা থেকে ইউপি চেয়ারম্যানদের ওয়াকআউট
সিলেটের বালাগঞ্জে সাংসদদের উপস্থিতিতে উন্নয়ন সমন্বয় সভা থেকে ওয়াকআউট করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি-সমর্থক চেয়ারম্যানরা। মিথ্যা মামলায় হয়রানি, কথা বলতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে সভার শেষ পর্যায়ে চেয়ারম্যানরা সভাস্থল ত্যাগ করেন।প্রত্যক্ষদর্শী ও সভা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা শুরু হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, ইউএনও জহিরুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল বারী, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেলা তিনটার দিকে সভা চলাকালে চেয়ারম্যান এমরান রব্বানী বক্তৃতায় বিগত সভায় তাজপুর ইউপির পরাজিত প্রার্থী কেন তাজপুর ইউপির প্রতিনিধিত্ব করেছেন জানতে চান এবং রেজুলেশন থেকে তা বাদ দেওয়ার দাবি জানালে সভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে কিছুক্ষণ পরই বিএনপি-সমর্থক ইউপি চেয়ারম্যানরা সভা বয়কট করে সভা কক্ষ থেকে বেরিয়ে পড়েন। এ সময় তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আবদুল নুর, উসমানপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, সাদীপুর ইউপি চেয়ারম্যান আবদুর রব, পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমূল আলম, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পশ্চিম পৈলানপুর ইউপি চেয়ারম্যান মকমদ মিয়া সংবাদকর্মীদের কাছে তাঁদের বিভিন্ন অভিযোগের কথা বলেন।কিন্তু বিকেল পাঁচটায় সভা শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ-সমর্থক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, ফারুক আহমদ, পূর্ব পৈলানপুর ইউপি চেয়ারম্যান শান উল্লা, দয়ামীর ইউপি চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ, জামায়াত-সমর্থক ইউপি চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম সভায় যথারীতি অংশ নেন।তাজপুর ইউপি চেয়ারম্যান এমরান রব্বানী বলেন, ‘সভায় আমাদের কথা বলতে দেওয়া হয় না। সরকারি দলের লোকদের ইচ্ছানুসারে উপজেলার বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। মিথ্যা মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। উন্নয়নে বৈষম্য করা হচ্ছে এবং উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি ঘটার প্রতিবাদে আমরা সভা থেকে বেরিয়ে এসেছি।’উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান বলেন, সভার বেশির ভাগ সময়ই তাঁরা কথা বলেছেন। তাজপুর ইউপির চেয়ারম্যান আইনগত জটিলতার কারণে দেরিতে শপথ নিয়েছেন। তাঁরা ব্যক্তিগত এই ক্ষোভ মেটাতে গিয়েই পূর্বপরিকল্পিতভাবে সভার শেষ পর্যায়ে বেরিয়ে যান।সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, সভার বেশির ভাগ সময় তাঁরাই কথা বলেছেন। বিএনপির স্টাইলে বেরিয়ে গেছেন। সব সুবিধা নেবেন ঠিকই, কিন্তু কোনো কাজ করবেন না। তাঁরা এখন যে বিষয়গুলো বলছেন, তার কোনোটিই ঠিক নয়।