বালাগঞ্জে কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী জাল ভোট ও কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। একটি কেন্দ্র থেকে দুটি ব্যালটভর্তি বাক্স ছিনতাই হলেও পরে তা উদ্ধার হয়।
সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত বালাগঞ্জ উপজেলার লাল কৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়ামির আবদুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়—এ চার কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারেই নেই। এক-দুজন করে ভোট দিতে আসছেন। তবে দুপুর ১২টার পর থেকে এসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
দুপুর সাড়ে ১২টার দিকে দয়ামির আবদুস সোবহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান গৃহিণী আমিরা খাতুন। তিনি বলেন, ‘যে-ই জয়ী হোক—পছন্দের প্রার্থীদের শান্তিতে ভুট দিলাম!’ একই কেন্দ্রে আরেক নারী ভোটার আখতারুন নেসা ভোট দিয়ে কিছুটা খেদোক্তি প্রকাশ করেন। আখতারুন বলেন, ‘ভুটের সময় তো ভুট দিই, কুন কামকাজে তো তারারে (জনপ্রতিনিধি) পাই না।’
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, বালাগঞ্জ উপজেলায় তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
পাল্টাপাল্টি অভিযোগ: চেয়ারম্যান পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত মো. মোস্তাবুর রহমান ও বিএনপি-সমর্থিত মো. আবদাল মিয়া—উভয়ের পক্ষ থেকে কয়েকটি কেন্দ্রে জাল ভোট প্রদান এবং কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ আনা হয়। খসরুপুর ভোটকেন্দ্রে দুপুরের দিকে ভোট গ্রহণ কিছু সময় বন্ধ ছিল। আবদাল মিয়া অভিযোগ করেন, খসরুপুর ছাড়াও উপজেলার সরস্বতী হাইস্কুল, রহমতপুর, চাতলপার এবং নূরপুর—এ চারটি কেন্দ্রে সরকারদলীয় কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে তাঁদের প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরেছেন।
বালাগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঠিকই, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। অভিযোগ পাওয়ামাত্র প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখেছে।’ ইউএনও জানান, দুপুর পর্যন্ত ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। দুপুরের পর থেকে ভোট প্রদানের হার বাড়ে।
উপজেলায় ৩০ জন কর্মীকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছে বেসরকারি সংস্থা এমএমসি। সংস্থাটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী মিজানুর রহমান জানান, উপজেলায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট হয়েছে।
ব্যালট বাক্স ছিনতাই: নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা চারটা বাজার পাঁচ মিনিট আগে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। তারা ব্যালটভর্তি দুটি বাক্স ছিনিয়ে নেয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অজয় কুমার রায় প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সোয়া পাঁচটার দিকে অক্ষত অবস্থায় ছিনতাইকৃত ব্যালটবাক্স উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীর কয়েকজন ভোটার বাগিবতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় উপজেলার খসরুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিশেন্দু পোদ্দার বলেন, ‘দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ঝামেলার কারণে ভোট গ্রহণ কিছু সময় স্থগিত ছিল। ঝামেলা মিটে গেলে পুনরায় ভোট শুরু হয়।’