বালাগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
সিলেটের বালাগঞ্জে হাসিনা বেগম (১৯) নামের এক গৃহবধূকে নির্যাতনের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের টেকামুদ্রা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর বাবা মনফর আলী বাদী হয়ে গতকাল শুক্রবার হাসিনার সাবেক স্বামী ইসমাইল আলীকে প্রধান আসামি করে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হাসিনা বেগমের সাবেক স্বামী ইসমাইল আলী চার-পাঁচজন সঙ্গীসহ হাসিনার বাবার বাড়ি গিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করেন। তাঁরা হাসিনাকে জোরপূর্বক ধরে নিয়ে বাড়ির কাছে খেতে পাশবিক নির্যাতন করেন। এরপর তাঁরা হাসিনাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যান। পরিবারের সদস্যরা রাত আড়াইটার দিকে হাসিনার লাশ উদ্ধার করেন। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে হাসিনা বেগমের শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।হাসিনার বোন রাসনা বেগম বলেন, ‘অনেক রাতে ইসমাইল লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে অস্ত্রের ভয় দেখিয়ে হাসিনাকে তুলে নিয়ে যায়। পরে হাসিনাকে ধর্ষণ ও অনেক নির্যাতন করে মেরে ফেলে। আমরা এর বিচার চাই।’ পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে একই ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ইসমাইল আলী জোরপূর্বক হাসিনাকে ধয়ে নিয়ে যান। পরে স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁদের মধ্যে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। তাঁদের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে। হাসিনাকে বিয়ে করার আগে ইসমাইল আরও দুটি বিয়ে করেন। বিভিন্ন কারণে পারিবারিক কলহের জের ধরে মাস খানেক আগে হাসিনার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। সেই থেকে হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন ইসমাইল।এ ব্যাপারে ইসমাইল আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোর্তুজা আহমদ বলেন, ‘আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’