বালাগঞ্জে গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে তাঁরা বাড়িতে অবস্থান করছেন না। বঙ্গবন্ধু ও স্থানীয় সাংসদের ছবিসংবলিত বিলবোর্ডে রং মেখে দেওয়ার অভিযোগে একটি মামলায় পুলিশ তাঁদের খুঁজে বেড়াচ্ছে। তবে বিএনপির নেতা-কর্মীদের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলায় তাঁদের হয়রানি করা হচ্ছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরা বিলবোর্ডে রং দিয়ে ও তা সরিয়ে ফেলে বিএনপির নেতা-কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন। একই অভিযোগ করে থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রিপন বলেন, ‘পুলিশ প্রতি রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে। এ কারণে তাঁরা বাড়ি ছেড়েছেন।’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বালাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ছবিসংবলিত দুটি বিলবোর্ডে কে বা কারা রং মেখে দেয়। এ ব্যাপারে থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিলবোর্ডটি চুরির অভিযোগে আরও একটি জিডি করেন তিনি।বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বদরুল হাসান জিডি দুটির তদন্ত শেষে ১ অক্টোবর এজাহার দাখিল করেন। এতে ছাত্রদলের চারজন নেতা-কর্মীকে আসামি করা হয়। এজাহারটি পরে এসআই নিজে বাদী হয়ে মামলা হিসেবে তালিকাভুক্ত করেন। গত শনিবার থানা বিএনপির সহসভাপতি বিভাষ রঞ্জন চৌধুরীকে আটক করে এ মামলায় গেপ্তারও দেখানো হয়েছে।জানতে চাইলে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, ‘পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে। এতে আমাদের কী করার আছে?’থানার এসআই শংকর কুমার ধর বলেন, ‘পুলিশ তো অযথা কারও বাড়িতে যাবে না। যেই করুক বঙ্গবন্ধু ও সাংসদের ছবিতে রং দেওয়া খারাপ কাজ হয়েছে।’ মামলার চার আসামি হলেন থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রিপন, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রদলের সহসভাপতি আবুল আহমদ ও ছাত্রদল কর্মী ফজলু মিয়া।