বালাগঞ্জে ছাত্রদলের পদবঞ্চিতদের হামলায় দুই নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকায় গত শনিবার সন্ধ্যায় ওসমানীনগর থানা ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের হামলায় থানা ছাত্রদলের দুই নেতা ও এক ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল রোববার রাতে থানা বিএনপির জরুরি সভায় পাঁচজনকে সাময়িক বহিষ্কার ও তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে।তাঁরা হলেন জেলা ছাত্রদলের সদস্য এনায়েত হোসেন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মনছুর, ছাত্রদলের সদস্য জাবেদ, সমর ও আকবর। দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী গত শুক্রবার উপজেলার সাদীপুর ইউনিয়নের ওয়ার্ড ছাত্রদলের সৈয়দ মোফাজ্জল আলীকে ওসমানীনগর থানা ছাত্রদলের আহ্বায়ক ঘোষণা করেন। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার বিকেলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি সভা শেষে সন্ধ্যায় স্থানীয় খান কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়ানো অবস্থায় ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী কয়েকটি মোটরসাইকেল ও মাইক্রোবাসে এসে মোফাজ্জলের ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে হামলায় আহত হন তাজপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আখলাকুর রহমান ও ব্যবসায়ী এলাইছ মিয়া। গুরুতর আহত মোফাজ্জলকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল মোফাজ্জল বাদী হয়ে এনায়েত হোসেন, মনছুর, জাবেদ, সমর ও আকবরকে আসামি করে ওসমানীনগর থানায় মামলা করেন। এদিকে গতকাল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি পালন শেষে ওসমানীনগর থানা বিএনপির জরুরি সভায় মামলার আসামি ওই পাঁচজনকে সাময়িক বহিষ্কার ও তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অন্যদিকে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের একটি অংশ দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকে।জেলা ছাত্রদলের সদস্য এনায়েত হোসেন বলেন, নিঃস্বার্থভাবে যারা কাজ করে যাচ্ছেন, তাঁদের না জানিয়ে বাসায় ডেকে ‘জুনিয়র’ একজনকে ছাত্রদলের আহ্বায়ক ঘোষণা করেছেন ইলিয়াস আলী। এতে দলের ত্যাগী নেতা-কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে ইলিয়াস আলীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।ওসমানীনগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহাদত বলেন, বিএনপির কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শনিবারের ঘটনায় মামলা নেওয়া হয়েছে।