বালাগঞ্জে তিন মাসেও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হয়নি
সিলেটের বালাগঞ্জে সম্মেলনের প্রায় তিন মাস পরও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি বিএনপি। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ, উত্কণ্ঠা ও হতাশা বিরাজ করছে।দলীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগর ও বালাগঞ্জ থানা কমিটি নামে বিএনপির পৃথক দুটি শাখা রয়েছে বালাগঞ্জ উপজেলায়। প্রায় পাঁচ বছর পর গত বছরের ১৩ নভেম্বর ওসমানীনগর ও ১০ ডিসেম্বর বালাগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে কোনো কমিটি নির্বাচন কিংবা ঘোষণা করা হয়নি। পরে জেলা থেকে মৌখিকভাবে ওসমানীনগর বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, সাংগঠনিক সম্পাদক তাজ মোহাম্মদ ফখর, বালাগঞ্জ বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাধারণ সম্পাদক ফারুক মিয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আবদুস সালামের নাম ঘোষণা করা হয়। শুধু জেলা ও কেন্দ্রীয় সম্মেলনে দেওয়া থানার পদ লেখা কাউন্সিলর কার্ডই তাঁদের একমাত্র সম্বল। আবার অনেকে পদ পাওয়ার কথা শুনলেও কমিটি ঘোষণা না হওয়ায় তা ব্যবহার করতে পারছেন না। স্থানীয় পর্যায়ের কোনো নেতাই জানেন না, কবে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কমিটি।দলীয় সূত্রে আরও জানা গেছে, দুটি থানা শাখার আগের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মৌখিকভাবে ঘোষণা দেওয়া কমিটিতে নেই। এ কারণে তাঁরা এখন অনেকটাই নিষ্ক্রিয়। এতে তাঁদের সমর্থকেরাও হতাশ হয়ে পড়েছে। দলীয় কর্মকাণ্ডেও তাঁরা অনুপস্থিত রয়েছেন। এসব নেতা-কর্মীর মনোভাব বুঝতে এবং অন্তর্দ্বন্দ্ব সামাল দিতে কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে বিএনপির একটি সূত্র জানায়।ওসমানীনগর থানা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী বলেন, কমিটি গঠনের কাজ শেষ, জেলা নেতাদের মাধ্যমে তা প্রকাশ করা হবে। একই সঙ্গে উপদেষ্টা কমিটিও ঘোষণা করা হবে।বালাগঞ্জ থানা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার বলেন, ‘অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ’জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ও সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় সম্পূর্ণ কমিটি ঘোষণা করা যায়নি। শিগগিরই সবাইকে নিয়ে বসে তা করা হবে।