বালাগঞ্জে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে, পুলিশ গতকাল বিকেল তিনটার দিকে গয়াস মিয়া নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ গোয়ালাবাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওসমানীনগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে বালাগঞ্জের ওসমানীনগর থানা বিএনপি গত বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। গতকাল বিকেল তিনটায় গোয়ালাবাজারে এ বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল।এদিকে, স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় গতকাল সকালে তাঁকে অভিনন্দন জানিয়ে ওসমানীনগর থানা আওয়ামী লীগ একই সময় একই স্থানে আনন্দমিছিলের ঘোষণা দেয়। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতে ক্ষমতাসীন দলের সপক্ষে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।’ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদাল মিয়া বলেন, ‘আমাদের কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। এই কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে বিএনপি পাল্টা কর্মসূচি দিয়েছে।’