বালাগঞ্জে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর মাইজগাঁও গ্রামে গতকাল বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ১৫টি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এলাকাবাসী ও পুলিশ জানায়, রাস্তার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সিকন্দরপুর মাইজগাঁও গ্রামের নুরফর মিয়া ও ফেরদৌস খানের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ফেরদৌস খানের লোকজন নুরফর মিয়ার পক্ষের গয়াস মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং একই সময় নুরফর মিয়ার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, শব্দ শোনা গেছে। তবে তা গুলি না অন্য কিছুর, তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।