বালাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, রেস্টুরেন্ট ভাঙচুর
সিলেটের বালাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ওসমানীনগরের রাউৎখাই বাজারে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১২টার দিকে রাউৎখাই বাজারের সেলিম মিয়ার রেস্টুরেন্টের পার্শ্ববর্তী স্থানে প্রাকৃতিক কাজ সেরে রেস্টুরেন্ট থেকে পানি আনতে যান স্থানীয় বশার মিয়া। এ সময় বশার ও রেস্টুরেন্ট মালিক সেলিম মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বশার দলবলসহ লাঠিসোটা নিয়ে সেলিমের দোকানে হামলা চালান। খবর পেয়ে সেলিমের লোকজন সেখানে হাজির হলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টা খানেক সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় গতকাল বিকেলে জনাব আলী (৩৫), আব্দুস শহীদ (৪০) ও মাখন মিয়াকে (৩৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেলিম, বশারসহ অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সেলিমের সোনার বাংলা রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়।