বালাগঞ্জে দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজারে গতকাল রোববার একটি নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবনের সেপটিক ট্যাংকের ভেতর কাজ করতে গিয়ে দুই নির্মাণশ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের হেলাল মিয়া (২৬) ও ইছাপুর গ্রামের সালামত মিয়া (৪০)। প্রত্যক্ষদর্শী, ফায়ার ব্রিগেড ও পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর কাজ করতে নামেন হেলাল ও সালামত। ট্যাংকের ভেতর ঢোকার পর তাঁরা অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে সিলেট শহর থেকে ফায়ার সার্ভিসের অপর একটি দল উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকর্মীরা ট্যাংকের ভেতর অক্সিজেন সরবরাহ করেন। পরে ট্যাংকের ওপরের অংশ কেটে বেলা তিনটার দিকে দুই শ্রমিককে উদ্ধার করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শাহদাত হোসেন গতকাল বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।