বালাগঞ্জে প্রবাসী খুন
সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে গত মঙ্গলবার রাতে যুক্তরাজ্যপ্রবাসী জিয়া খান খুন হয়েছেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উত্তরা ব্যাংকের সামনে গেলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সিলেটের ওসমানীনগর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল বাছিতকে পালিয়ে যেতে দেখা যায়। জিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। গতকাল ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নিহতের ভাই শের আলী খান অভিযোগ করেন, ‘আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে মামলাও চলছে। বিভিন্নভাবে শোনা যাচ্ছে বুরুঙ্গা এলাকার বাছিত মেম্বার জিয়াকে খুন করেছে।’ যুক্তরাজ্যপ্রবাসী জিয়া এক বছর ধরে দেশে বাস করছেন। গতকাল জিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী সাফিয়া খানম চার বছর বয়সী একমাত্র মেয়ে ডলিকে বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। টেলিফোন করে লন্ডনে অবস্থানরত জিয়ার বৃদ্ধ মা ও অপর দুই ভাই বিলাপ করছেন।ওসমানীনগর থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল বাছিত জিয়াকে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।