বালাগঞ্জে বাড়িঘর পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় সিলেটের বালাগঞ্জে কয়েক হাজার বাড়িঘর এখন পানির নিচে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা তলিয়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে জীবনযাত্রা। পরিবার-পরিজন আর গবাদিপশু নিয়ে রাস্তার ধারে ঠাঁই হয়েছে অনেকের। গো-খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং এর সঙ্গে অতি বৃষ্টির ফলে এ আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় বালাগঞ্জে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ১৫৭টি পরিবারের এক লাখ ৭৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় হাজার ৫০০টি বাড়িঘর এখন পানির নিচে। ৫৫৪টি পুকুরের মাছ ভেসে গেছে। ছয় হাজার ৯৭৫ একর জমির আমন ফসল ও ২৫০ একর সবজির খেত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। কাঁচা-পাকা ২৭০ কিলোমিটার সড়ক ডুবে গেছে। উপজেলার স্কুল, কলেজ, ইউনিয়ন কমপ্লেক্সসহ ৩৯টি স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ২৮৫টি পরিবার আশ্রয় নিয়েছে সেখানে। শতাধিক নার্সারির গাছের চারা নষ্ট হয়ে গেছে। বেশির ভাগ নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়তে শুরু করেছে রোগবালাই। ছয় দিন ধরে বালাগঞ্জে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা পরিষদের বেশির ভাগ কার্যালয়ে পানি ঢুকে পড়েছে। ইলাশপুর গ্রামের নূর উদ্দিন বলেন, ‘পরিবার লইয়া রাস্তার উফরে আছি। লগে গরু ছাগলও থাহে।’পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফি উল্লাহ বলেন, প্রতিদিনই ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে। সাধ্যমতো কাজ করে গেলেও এখন পর্যন্ত অনেক মানুষ অসহায় জীবন কাটাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, ‘ত্রাণের কোনো অভাব নেই। শুধু সুষ্ঠু বিতরণ করতে পারলেই এ দুর্যোগ থেকে কাটিয়ে উঠতে পারব।’