বালাগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সভা আহ্বানকে কেন্দ্র করে সিলেটের বালাগঞ্জে গতকাল সোমবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির দুজন কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বালাগঞ্জের শেরপুরে বিএনপির নেতা-কর্মীদের ওপর শুক্রবারের হামলার প্রতিবাদে গতকাল দুপুরে তাজপুর বাজারে ওসমানীনগর থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একই সময়ে ওই স্থানে সভা আহ্বান করে আওয়ামী লীগ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা তাজপুর বাজারের স্কুল রোডে এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোকজন তাজপুর বাজারের কদমতলায় কমিউনিটি সেন্টারের কাছে অবস্থান নেয়। সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।ওই প্রতিবাদ সভায় যোগ দিতে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ সেখান থেকে সবাইকে সরিয়ে দিয়ে কমিউনিটি সেন্টারটি বন্ধ করে দেয়। বিকেলে বিএনপির নেতা-কর্মীরা কাশিকাপন এলাকায় প্রতিবাদ সমাবেশ শুরু করে। পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিদের মধ্যে যুবদলের নেতা নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওসমানীনগর থানার সামনে থেকে সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমদ ও বিএনপির কর্মী লুত্ফুর রহমানকে আটক করে পুলিশ।ওসমানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমরান রব্বানী বলেন, ‘পুলিশের নিষেধাজ্ঞা মেনে আমরা অন্যত্র শান্তিপূর্ণ সভা করছিলাম। বিনা কারণে আমাদের কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে সভাটি পণ্ড করে দেয় পুলিশ। এতে দলের বেশ কয়েকজন আহত হয়েছেন। তল্লাশির নামে পথে পথে গাড়ি আটকিয়ে আমাদের নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে।’ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়া বলেন, ‘আমরা আগে থেকেই এখানে সভা আহ্বান করেছিলাম। তবে পুলিশের অনুরোধে মিছিল করিনি। ঘরোয়াভাবে আলোচনা সভা করেছি।’ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় তাজপুরে কাউকেই মিছিল-সমাবেশ করতে দেওয়া হয়নি। তবে বিএনপি অন্যত্র গিয়ে সভা করতে চাইলে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আটক দুজন মামলার আসামি বলে তিনি জানান।