বালাগঞ্জে বিএনপির মিছিলে হামলা ব্যাংক ও দোকান ভাঙচুর
সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভাঙচুর করা হয়েছে গোয়ালাবাজার শাখা আইএফআইসি ব্যাংক ও আলীশান মার্কেটের দোকানপাট। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা হামলার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে ওসমানীনগর থানা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ এ সময় তাদের মিছিল করতে নিষেধ করে। এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাজারের উত্তর প্রান্ত থেকে মিছিল বের করার চেষ্টা করে। সন্ধ্যা সাতটার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলীশান মার্কেটের সামনে আসেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের মিছিলে ইট, পাথর ও কাচের বোতল নিক্ষেপ করলে মিছিলকারীরা পিছু হটেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে এক প্লাটুন দাঙ্গা পুলিশ আসে। এ সময় তাদের ওপরও ইট ও পাথর নিক্ষেপ করে হেলমেট পরা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। একপর্যায়ে একদল যুবক আইএফআইসি ব্যাংক গোয়ালাবাজার শাখা ও আলীশান মার্কেটের কাচ ভাঙচুর করেন।গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাল মাহমুদ জানান, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার প্রতিবাদে মিছিল করেছি আমরা। আমাদের মিছিল থেকে কেউ বিএনপির মিছিলে হামলা করেনি।’ গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ বলেন, ‘প্রথমে পুলিশ আমাদের কর্মসূচি পালনে বাধা দিয়েছে। পরে আমাদের শান্তিপূর্ণ মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এরপর পুলিশ কর্মসূচি পালনে বাধা দিয়েছে।’ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ কাউকে মিছিল করতে বাধা দেয়নি। দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।’