বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ঝুমুর দাশ (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকাটুকিয়া গ্রামের নুপুর দাশ সরকারের ছেলে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারের মনীন্দ্র পালের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঝুমুর দাশ দীর্ঘদিন উপজেলার গোয়ালাবাজারের মনীন্দ্র পালের ব্যবসাপ্রতিষ্ঠানে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। গত শুক্রবার রাতে প্রতিদিনের মতো ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরেই ঘুমান তিনি। গতকাল সকালে দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা ঝুমুরকে অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকদের উপস্থিতিতে দরজা ভেঙে তাঁর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।ওসমানীনগর থানার উপপরিদর্শক মোজাফফর বলেন, স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে চাওয়া হলে লাশের ময়নাতদন্ত করা হবে।