বালাগঞ্জে ভাঙন-আতঙ্কে ৩০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী অন্তত ৩০টি গ্রামের মানুষ ভাঙন-আতঙ্কে আছে। কয়েক বছর ধরে বর্ষা মৌসুম শেষে নদীভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়েছে। এ কারণে তাদের মধ্যে এই আতঙ্ক।
রাধাকোনা গ্রামের কৃষক সাবুল মিয়া (৪০) বলেন, ‘নদী আমরার বাড়িঘর ভাঙ্গিয়া নিছেগি। পরিবার-পরিজন লইয়া ওখন আমরা অন্যের জায়গার উফরে আছি। বাপ-দাদার ভিটাটা পানির নিচে চইলা গেলগি!’
গত দুই বছরের ব্যবধানে সাবুলের মতো রাধাকোনা গ্রামের অন্তত ১৫ পরিবারকে নদীভাঙনের শিকার হয়ে ভিটে ছাড়া হতে হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নদ-নদীর পানি কমা শুরু হবে। তখনই ভাঙন তীব্র হয়ে দেখা দেবে। এ কারণে ভাঙনের আতঙ্কে রয়েছে রাধাকোনা গ্রামের প্রায় ২৫টি পরিবার।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্ব গৌরীপুর, পূর্ব পৈলনপুর, পশ্চিম পৈলনপুর ও বালাগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে ভাঙন সবচেয়ে বেশি। স্থানীয় সূত্রগুলো জানায়, গত কয়েক বছর ধরে নদীভাঙনের শিকার হয়েছে উপজেলার সাদেকপুর, হামছাপুর, বালাগঞ্জ সদর, লামা তাজপুর, আলীপুর, কিত্তে জালালপুর, ভাটপাড়া গালিমপুর, ফাজিলপুর, জালালপুর, ঐয়া, কুশিয়ারা বাজারসহ প্রায় ৩০টি গ্রাম।
উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিটন মিয়া বলেন, ‘বিদ্যালয়টির প্রায় অর্ধেক নদীগর্ভে চলে গেছে। যেকোনো মুহূর্তে পুরো বিদ্যালয়টি নদী গ্রাস করে ফেলতে পারে। তাই বিদ্যালয়টি দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন।’
২০০৯ সালের ১৬ জানুয়ারি তীব্র ভাঙনে কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের ১৩টি বাড়ি আকস্মিক কুশিয়ারা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এর পর থেকে প্রতিবছরই গ্রামটিতে ভাঙন চলছে। ওই গ্রামের বাসিন্দা মকবুল হোসেন বলেন, ‘সেই যে ভাঙন শুরু হইছে, আর থামছে না! জনপ্রতিনিধি কিংবা স্থানীয় প্রশাসনও ভাঙন ঠেকাতে কোনো ভূমিকা রাখছে না বললেই চলে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, ‘কয়েক দিন পর পানি নামার সময় শুরু হলে নদীভাঙন তীব্র রূপ নেবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পাউবোসহ ভাঙনকবলিত গ্রামগুলোতে প্রতিরোধ দেয়াল নির্মাণের জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছি।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘সিলেট অঞ্চলে সাধারণত পানি নামার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দেয়। তাই কিছুদিন পর পানি নামতে শুরু করলে ভাঙন পরিস্থিতির সৃষ্টি হবে। তখন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে একটি প্রকল্প-প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
স্থানীয় সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘নদীভাঙনের বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করে প্রতিকার দাবি করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ নিয়ে আমি একটি ডিও লেটার ইস্যু করেছি। ওই ডিও লেটারের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী স্থানীয় পাউবো কর্মকর্তারা সরেজমিনে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছে। এ নিয়ে একটি প্রকল্প-প্রস্তাব পরিকল্পনাধীন রয়েছে।’