সাপ্তাহিক ২০০০-এর সাবেক সিলেট প্রতিনিধি ফতেহ ওসমানী এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সংবাদকর্মী শফিকুল ইসলামের হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে সিলেটের বালাগঞ্জে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বালাগঞ্জ প্রেসক্লাব এর আয়োজন করে।ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার গোয়ালা বাজারে দুপুর দুইটা থেকে আড়াইটা পর্যন্ত এ মানববন্ধনে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, ব্যবসায়ী, পেশাজীবী ও ছাত্রসহ অনেক মানুষ অংশ নেন।পরে একই স্থানে বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শিপন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এফ আলী ফয়েজ, সাবেক সাধারণ সম্পাদক আলাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সহসভাপতি সঞ্জয় দাস, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, জেলা যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য জাবেদ আহমদ প্রমুখ।