বালাগঞ্জে যুব-ছাত্রলীগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর হাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব আহমদ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বালাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুক্তিযোদ্ধা দয়াময় দাসের শেষকৃত্য অনুষ্ঠানের আগে গতকাল সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এতে উপস্থিত হতে কিছুটা দেরি হয় আফতাব আহমদের। বেলা সাড়ে ১১টার দিকে আফতাব আহমদ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর কাছে দেরিতে আসার কারণ জানতে চান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত ছাত্রলীগের কর্মীরা আফতাব আহমদকে গালাগাল ও কিল-ঘুষি মারতে শুরু করেন। তাঁদের কবল থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আশ্রয় নেন তিনি। পরে পুলিশ গিয়ে আফতাব আহমদকে উদ্ধার করে।মুক্তিযোদ্ধা আফতাব আহমদ আক্ষেপ করে বলেন, ‘শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের দলের লোকদের হাতে মার খাওয়াই কপালে ছিল।’যুবলীগের নেতা জুনেদ মিয়া বলেন, ‘ক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। থানায় ঘটনাটি মীমাংসা হয়েছে।’বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘অনুষ্ঠানে আফতাব আহমদের আসতে দেরি হওয়ার জের ধরে তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। পরে তারা (লাঞ্ছিতকারীরা) আফতাব আহমদের পায়ে ধরে মাপ চেয়েছে।’