বালাগঞ্জে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যুবলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে গতকাল মঙ্গলবার যুবলীগের নেতা-কর্মীরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর এবং সেখানকার দুই কর্মচারীকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। যুবলীগের নেতারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে প্রশ্নপত্র ছাপানোর কারণে তাঁরা সেখানে ভাঙচুর করেছেন।জানা গেছে, বালাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে গত সোমবার অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার সমাজ বিষয়ের একটি প্রশ্ন ছিল, ‘জাতির জনক কে?’ উত্তর উল্লেখ ছিল: হোসেন শহীদ সোহরাওয়ার্দী/শেরেবাংলা এ কে ফজলুল হক/মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল না। এ কারণে গতকাল স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা যুবলীগের কয়েকজন নেতা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, গ্লাস ও নেমপ্লেট ভাঙচুর করেন। এরপর তাঁরা সেখানে অবস্থানরত উচ্চমান সহকারী সিরাজুল ইসলাম ও আবদুল মতিনকে মারধর করে তাঁদের তালাবদ্ধ করে রাখেন।বেলা পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। তিনি তালাবদ্ধ কর্মচারীদের উদ্ধার করেন। এরপর বালাগঞ্জ থানার এক দল পুলিশ ঘটনাস্থলে যায়।উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর অবমাননায় তাঁরা মাথা ঠান্ডা রাখতে পারেননি। তাই ‘কিছু হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে গেছে।’ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান বলেন, তিনি ভাঙচুরের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। একই সঙ্গে এ ধরনের প্রশ্নপত্র ছাপানোয় কারা সম্পৃক্ত, তাও তাঁরা অনুসন্ধান করে দেখছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান বলেন, প্রশ্নপত্র ভুলের বিষয়টি তিনি নিজে তদন্ত করে দেখছেন। তবে ওই কার্যালয়ে হামলা করা ঠিক হয়নি।