বালাগঞ্জে শিক্ষা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার রাতে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন কৃষি কর্মকর্তা মজিবুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নূরুল ইসলাম বলেন, ‘তদন্তের কাজ শুরু হয়েছে। যথাসময়ে প্রতিবেদন জমা দেব।’ইউএনও জহিরুল ইসলাম খান বলেন, ‘ঠিক আতঙ্ক বা ক্ষোভ বলা যাবে না। তবে কোনো কর্মকর্তা-কর্মচারীই হামলা-ভাঙচুরকে ভালোভাবে নিচ্ছেন না। ব্যবস্থা নেওয়ার পরও এ ভাঙচুরের তো কোনো প্রয়োজন ছিল না।’প্রসঙ্গত, ছাপার ত্রুটির কারণে প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর নাম না আসায় গত মঙ্গলবার বালাগঞ্জে যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা চেয়ার, টেবিল, গ্লাস ও নেমপ্লেট ভাঙচুর করে কার্যালয়ের দুই কর্মচারীকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ রাখেন।