বালাগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১০ পুলিশসহ আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার দয়ামীর বাজারে গতকাল শুক্রবার সকালে পুলিশের সঙ্গে অটোরিকশাশ্রমিক ও ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ জানায়, গাঁজাসহ অটোরিকশার এক চালককে আটকের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ দয়ামীর বাজার থেকে গাঁজাসহ আবদুল খালেক নামের অটোরিকশার এক চালককে আটক করে। এর প্রতিবাদে গতকাল সকাল সাড়ে আটটার দিকে অটোরিকশাশ্রমিকেরা দয়ামীর বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। পরে সিলেট শহর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কিছু শ্রমিক বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে আশ্রয় নেন। পুলিশ কয়েকটি দোকানের ভেতরে ঢুকে মালপত্র তছনছ ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে ব্যবসায়ীদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে পুলিশসহ শতাধিক শ্রমিক ও ব্যবসায়ী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকি ৎসা নিয়েছেন।সংঘর্ষের সময় দয়ামীর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।দয়ামীর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ বলেন, পুলিশের হামলায় প্রায় ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয় ও অনেক ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় আজ (শুক্রবার) সকাল ১০টার পর থেকে বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখেন। সরিয়ে দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।