বালাগঞ্জে সংবাদকর্মীকে আটকে রেখে নির্যাতন!
সিলেটের বালাগঞ্জে সংবাদকর্মীকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। আইন অমান্য করে চলা একটি ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভাটার মালিক ও তাঁর দলবল সংবাদকর্মীকে আটকে রেখে এই নির্যাতন চালায়।গুরুতর আহত অবস্থায় সংবাদকর্মী আনোয়ার হোসেনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, গত রোববার উপজেলার রোকনপুরের হক ও আজিজপুরের কেবিএফ ব্রিক ফিল্ডে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি ইটভাটার প্রতিটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে। সেই সঙ্গে হক ব্রিক ফিল্ডে টিন দিয়ে বানানো চিমনি গুঁড়িয়ে দিয়ে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।এর পর দিনই ভেঙে ফেলা চিমনি দাঁড় করিয়ে আবারও ইট পোড়ানো শুরু হয় হক ব্রিক ফিল্ডে। এই সংবাদ সংগ্রহ করতে মঙ্গলবার দুপুরে দৈনিক সমকাল-এর ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন সেখানে গেলে ইটভাটার মালিক এনাম পীর ও তাঁর লোকজন অফিসকক্ষে নিয়ে তাঁকে আটকে রেখে বেদম মারধর করে। উপর্যুপরি আঘাতে এক সময় আনোয়ার সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁর সঙ্গে থাকা ক্যামেরা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় হামলাকারীরা। ভাঙচুর করে তাঁর মোটরসাইকেল। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) তৈমুর বখত চৌধূরী বলেন, মূলত সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। মাত্র দুই দিন আগে এনামের ইটভাটায় অভিযান চালানো হয়েছে। মামলা নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম।