বালাগঞ্জে সম্পত্তি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে একটি পরিবারের বসতভিটাসহ ১৩৪ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় থানায় গিয়ে দখলকারীর বিরুদ্ধে অভিযোগ করেও সহায়তা পাননি বলে দাবি করেছেন ভুক্তভোগী মিলন জায়গীরদার। পরে ঢাকার ধানমন্ডি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ডায়েরি (জিডি) এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে যাঁর বিরুদ্ধে দখলের উভিযোগ উঠেছে, সেই বদরুল হক জায়গীরদার থানায় দুটি ডায়েরি করেছেন এবং সেগুলোর তদন্ত করে আদালতে প্রতিবেদনও দিয়েছে থানার পুলিশ। বদরুল দাবি করেছেন, কাগজপত্রে তিনিই ওই জমির মালিক।উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামে কয়েক মাস আগে ঘটেছে এই ঘটনা। বর্তমানে ঢাকায় বসবাসরত মিলন জায়গীরদারের অভিযোগ, থানায় গিয়ে পুলিশের সহায়তা পাননি তিনি। পঞ্চায়েতের ডাকেও সাড়া দেয়নি দখলকারী। ওল্টো দখলকারীর হুমকিতে আতঙ্কে দিন কাটছে তাঁদের।জমির মালিক দাবিদার মিলন জায়গীরদারের অভিযোগ, পুলিশ দখলকারী বদরুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাঁর বিরুদ্ধে গাছ কাটা, ফল পাড়া ও হুমকি দেওয়ার মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করেছে।তবে বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি আপস-মীমাংসা করতে স্থানীয় কয়েকজন দায়িত্ব নিয়েছিলেন কিন্তু মীমাংসা হয়নি। বৈঠক ডাকলে বদরুলকে পাওয়া যায় না। হয়তো তাঁদের অংশ বুঝিয়ে দিতে হবে মনে করে তিনি হাজির হন না। বিষয়টি আমরা আদালতে পাঠিয়ে দিয়েছি। আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় ওই সম্পত্তিতে ১৪৪ ধারা জারির আবেদন জানানো হয়েছে আদালতে।’মিলন জায়গীরদারের ডায়েরি নেওয়া হয়নি—এমন অভিযোগের বিষয়ে এসআই ফিরোজ বলেন, তাঁর ডায়েরিও নেওয়া হয়েছে। তবে অভিযোগকারীর প্রশ্ন, ডায়েরি নিলে তাঁকে এর অনুলিপি কেন দেওয়া হলো না।এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মিলনের বোন শারমিন জায়গীরদারের একটি অভিযোগ তাঁরা ডায়েরি হিসেবে গ্রহণ করেছেন। এর তদন্ত করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিক তদন্ত করা হয়নি। তবে প্রাথমিক খোঁজখবরে জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।রাজাপুর গ্রামে গিয়ে দেখা যায়, মিলনের পৈতৃক বসতঘরে বাইরের লোকদের সপরিবারে থাকতে দিয়েছেন বদরুল হক। আশপাশের লোকজনও জমি দখলের অভিযোগ সঠিক বলে দাবি করেছেন। মিলন জায়গীরদারের পৈতৃক বসতঘরে অবস্থানকারী বহিরাগত আছমা বেগম এই প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের বাড়ি এই গ্রামেই। বদরুল সাহেব ও তাঁর ভাই আমাদের এখানে থাকতে দিয়েছেন। আমার স্বামী সিএনজি বেবিট্যাক্সিচালক। জায়গার মালিক কে তা আমরা জানি না।’আরেক বহিরাগত নূরজাহান বেগম বলেন, ‘আমার বাড়ি ময়মনসিংহ। এটা বদরুল সাবের জায়গা বলে শুনেছি। থাকতে দিয়েছে এটাই বড় কথা।’ তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন বলে জানান নূরজাহান।এলাকায় গেলে সেখানকার বাসিন্দারা জানান, বদরুল হক জায়গীরদার মুক্তিযুদ্ধের সময় স্থানীয় শান্তি কমিটির আহ্বায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে তখন গ্রামে নানা অপকর্ম হয়েছে। এমনকি আদিত্যপুরে সংঘটিত গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্বাধীনতার পর তিনি দেশ ছেড়ে কানাডায় চলে যান। আশির দশকে দেশে ফিরে বদরুল হক জায়গীরদারের পরিবর্তে ওমর শরিফ জায়গীরদার নাম ধারণ করেন তিনি।স্থানীয় মুক্তিযোদ্ধা সুলেমান আলী বলেন, ‘পাকিস্তানি বাহিনীর সাহায্য নিয়ে স্বাধীনতার সময় বদরুল অনেক অপকর্ম করেছে। সাধারণ মানুষও তার নির্যাতন থেকে বাদ যায়নি। ইউনিয়ন শান্তি কমিটির আহ্বায়ক ছিল সে। দেশ স্বাধীনের পর ধাওয়া করেও তাকে ধরতে পারিনি। দীর্ঘদিন সে এলাকাছাড়া ছিল।’ এই সময়েও বদরুলের দাপট আর দখলের অভিযোগ তাঁকে বিস্মিত করেছে বলে জানান প্রবীণ এই মুক্তিযোদ্ধা।রাজাপুর গ্রামের টুনু জায়গীরদার বলেন, বদরুল ১৯৭১ সালে যেভাবে হত্যা ও লুটপাট করেছেন, এলাকাবাসী তা ভোলেনি। সঠিক তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। এখনো তিনি অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করছেন। সালিস বৈঠক ডাকলে তিনি হাজির হন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, বদরুল হকের কাছে অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারটি।ভুক্তভোগী মিলন জায়গীরদার বলেন, ‘বসতভিটাসহ পৈতৃক সম্পত্তির প্রায় সবটুকুই জোরপূর্বক দখল করে নিয়েছেন বদরুল। এখন উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছেন। একজন যুদ্ধাপরাধীর দাপটে আমরা অসহায় হয়ে পড়েছি। স্থানীয় পুলিশ প্রশাসনও তাঁর পক্ষে কাজ করছে।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদরুল হক জায়গীরদার প্রথম আলোকে বলেন, ‘মুখে বললেই তো জমির মালিক হওয়া যায় না। তাঁদের বাবা বেশির ভাগ সম্পত্তি আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন।’ মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘যুদ্ধাপরাধের অভিযোগে আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। অভিযোগ থাকলে প্রমাণ করুক।’সালিস বৈঠকের মধ্যস্থতাকারী গেদাই মিয়া বলেন, ‘বদরুল হকের অসহযোগিতায় বিষয়টি আমরা মীমাংসা করতে পারিনি। বৈঠকে সে হাজির হয় না। অভিযোগকারীদের জায়গা সে দখল করে রেখেছে।’