বালাগঞ্জেও 'নিখোঁজ' ইলিয়াস আবেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথের পর বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনেও বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী-আবেগ ভর করেছে। নির্বাচন কমিশনের দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী জেলার বালাগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে।

উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত মো. মোস্তাবুর রহমান এবং বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আবদাল মিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন স্থানীয় লোকজন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বালাগঞ্জে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি চূড়ান্ত করার বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় তৎপর থাকবেন।’

২০১২ সালের ১৭ এপ্রিল বিশ্বনাথ-বালাগঞ্জ (সিলেট-২) সংসদীয় আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ইলিয়াস আলী গাড়িচালকসহ ‘নিখোঁজ’ হন। এ বিষয়টিও আলোচনায় রয়েছে।

বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের বাসিন্দা ইলিয়াস আলী। বিশ্বনাথে ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন হয়। বিশ্বনাথে ইলিয়াস আলীর পরিবার থেকে মনোনীত বিএনপি-সমর্থিত প্রার্থী সোহেল আহমদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন। এর পেছনে ইলিয়াস-আবেগ কাজ করেছে বলে দলীয় ও নির্বাচন পর্যবেক্ষকেরা স্বীকার করেন।

কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, বালাগঞ্জ ও ওসমানীনগর—এ দুটি থানার সমন্বয়ে বালাগঞ্জ উপজেলা গঠিত। এর মধ্যে ওসমানীনগরে ভোটার বেশি। তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত-সমর্থিত দুই প্রার্থী ওসমানীনগরের বাসিন্দা এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বালাগঞ্জের বাসিন্দা। সেই হিসেবেও ভোটের আঞ্চলিক হিসাব-নিকাশ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট এলাকার অনেক ভোটার জানিয়েছেন।

তবে বালাগঞ্জ-ওসমানীনগর—এই আঞ্চলিকতার মানদণ্ডে কোনো ভোট ভাগাভাগি হবে না বলে মন্তব্য করেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আবদাল মিয়া। একই মত আওয়ামী লীগের মোস্তাবুর রহমানেরও।

ইলিয়াস নিখোঁজ প্রসঙ্গে আবদাল বলেন, ‘দলমত-নির্বিশেষে ভোটাররা ক্ষুব্ধ। তাঁরা সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে সেই গুমের জবাব দেবেন।’