সিলেটের বালাগঞ্জে উত্ত্যক্ততার শিকার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষিকাকে বদলি করা হয়েছে। অথচ মামলা করার সাত দিনেও পুলিশ উত্ত্যক্তকারী সেই যুবককে গ্রেপ্তার করতে পারেনি।বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষিকা ইসরাত জাহানের বদলির আদেশ আসে। শিক্ষা বিভাগ বলছে, শাস্তিমূলক নয়, নিরাপত্তার স্বার্থে তাঁকে বদলি করা হয়েছে। কিন্তু শিক্ষিকা বলছেন, নতুন বিদ্যালয়টি তাঁর জন্য আরও ঝুঁকিপূর্ণ।উপজেলার চানপুর গ্রামের যুবক আনোয়ার হোসেনের উত্ত্যক্ততা ও হুমকির কারণে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন সিলেটের বালাগঞ্জের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষিকা। এতে গত ২৮ থেকে ৩১ মে পর্যন্ত বিদ্যালয়টিতে চার দিন পাঠদান বন্ধ থাকে। এ নিয়ে ২ জুন প্রথম আলোতে ‘শিক্ষিকাকে উত্ত্যক্ত: বিদ্যালয় চার দিন বন্ধ!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই শিক্ষিকা ইসরাতের লিখিত অভিযোগ মামলা হিসেবে লিপিবদ্ধ করে পুলিশ।খোঁজ নিয়ে জানা যায়, ঘটনা তদন্তে ৩ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন ওই বিদ্যালয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তাঁরা। এতে উত্ত্যক্ততার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে ইউএনও আনোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও শিক্ষিকাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানান। কিন্তু শিক্ষা বিভাগ উত্ত্যক্তকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে গত বুধবার শিক্ষিকা ইসরাতকে পাশের সাদিপুর ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে বদলি করে। তাঁর স্থলে সেলিম উদ্দিন ও ফুজেল আহমেদ নামের দুজন শিক্ষককে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত দুজন শিক্ষকের কেউ-ই যোগদান করেননি। ইসরাতও নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন বিদ্যালয়ে যোগ দেননি। শিক্ষিকা ইসরাত বলেন, ‘অপরাধ করল সে (আনোয়ার), আর শাস্তি পেতে হলো আমাকে!’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, ‘শাস্তিমূলক নয়, নিরাপত্তার স্বার্থে ওই শিক্ষিকাকে বদলি করা হয়েছে।’ মিথ্যা বক্তব্য লিখে স্বাক্ষর নেওয়ার অভিযোগ: এদিকে চাকরিচ্যুতির ভয় দেখিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি মিথ্যা বক্তব্য লিখিয়ে তাতে স্বাক্ষর নিয়েছেন বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম অভিযোগ করেছেন। এ ব্যাপারে ৬ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তিনি একটি লিখিত অভিযোগ দেন। শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র ও শফিক উদ্দিন দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেছেন, ‘প্রধান শিক্ষিকার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’