বালাম বই-সংকটে আটকা পড়েছে ২০ হাজার দলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বই-সংকটের কারণে প্রায় ২০ হাজার দলিল আটকা পড়ে আছে। ফলে দলিলগ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসে বালাম বইয়ের সংকট চলছে। এ কারণে গ্রহীতাদের দলিল ফেরত পেতে বিলম্ব হচ্ছে। দলিল রেজিস্ট্রি হওয়ার দুই-তিন মাসের মধ্যে বালাম বইয়ে তা লিপিবদ্ধ করে গ্রহীতাদের কাছে মূল দলিল ফেরত দেওয়ার বিধান থাকলেও বালাম বই-সংকটের কারণে তিন-চার বছর আগের দলিল এখনো দেওয়া সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাম বই না থাকায় প্রায় ২০ হাজারের বেশি দলিল ফেরত দেওয়ার অপেক্ষায় রয়েছে। বর্তমানে ২০০৯ সালের মূল দলিল ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রতিদিন অসংখ্য গ্রহীতা দলিল নিতে এসে না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন। দলিল গ্রহীতা দেলোয়ার হোসেন ও আবদুল মালেক জানান, অনেকে মূল দলিল না পেয়ে নকল (জাবেদা) দলিল নিতে বাধ্য হচ্ছেন।এদিকে সাব-রেজিস্ট্রি অফিসে ৩২ জন নকলনবিশ কাজ করেন। বালাম বই না থাকায় এ নকলনবিশেরা এখন কাজ না পেয়ে আর্থিক সংকটে পড়েছেন।উপজেলা সাব-রেজিস্ট্রার শহিবুর রহমান জানান, দ্রুত বালাম বইয়ের সংকট দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।