বালাম বইয়ের অভাব, দলিল ফেরত পাচ্ছেন না গ্রহীতারা
পঞ্চগড় জেলার ছয়টি সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে পাঁচটিতেই বালাম বইয়ের অভাবে দলিলের কপি করতে না পারায় গ্রহীতারা তাঁদের মূল দলিল ফেরত পাচ্ছেন না। জেলা রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, টুনিরহাট, তেঁতুলিয়া, বোদা ও দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৩৫ হাজার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এসব দলিল কপি করার জন্য প্রায় ২০০ নকলনবিশ নিয়োজিত রয়েছেন। বালাম বইয়ের অভাবে নকলনবিশেরা বেকার সময় কাটাচ্ছেন। বোদা সাব-রেজিস্ট্রি অফিসের জ্যেষ্ঠ নকলনবিশ গমিজউদ্দিন জানান, ২০১০-১১ অর্থবছরের দলিল কপি করার জন্য কোনো বালাম বই নেই। কর্তৃপক্ষ বই সরবরাহের জন্য নিবন্ধন অধিদপ্তরে লেখালেখি করলেও তা সরবরাহ করা হচ্ছে না। বোদা পৌরসভার থানাপাড়ার সত্যেন দাস জানান, তিনি গত ১৪ মে বোদা সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রি করেন। কিন্তু তিনি পাঁচ মাসেও মূল দলিল পাননি। অফিস থেকে জানানো হয়েছে, বালাম বই না থাকায় দলিল কপি করা যাচ্ছে না। তাই মূল দলিল ফেরত দেওয়া যাচ্ছে না।বোদা সাব-রেজিস্ট্রি অফিসের ভারপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সুধীর কুমার রায় বলেন, জেলার ছয়টি সাব-রেজিস্ট্রি অফিসের তিনটিতে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে রেজিস্ট্রির কাজ সম্পাদন করা হচ্ছে। এতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে দুই-তিন দিন করে রেজিস্ট্রির কাজ করতে হচ্ছে। এতে জনগণের ভোগান্তিও বাড়ছে। জেলা রেজিস্ট্রার আবদুল লতিফ বলেন, বালাম বইয়ের সরবরাহ না থাকায় ২০১০-১১ অর্থবছরে সম্পাদিত দলিলের কপি করার কাজ শেষ হয়নি। এ জন্য মূল দলিল ফেরত দেওয়া যাচ্ছে না। বালাম বই চেয়ে নিবন্ধন অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।