লক্ষ্মীপুরের ছয়টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বালাম বইয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার চাহিদার তুলনায় কম বালাম বই সরবরাহ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এতে জমির ক্রেতারা মূল দলিল না নিতে পেরে ভোগান্তির শিকার হচ্ছেন।
লক্ষ্মীপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রারের কার্যালয়গুলোতে চাহিদা অনুযায়ী বালাম বই সরবরাহ করা হয় না। এসব কার্যালয়ে বছরে পাঁচ হাজার বালাম বইয়ের প্রয়োজন হয়। কিন্তু চাহিদার ২০ শতাংশ বালাম বইও সরবরাহ করা হয় না। এ কারণে কার্যালয়গুলোতে চলতি বছরের ২২ মে পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৪০৪টি দলিল জমা পড়েছে। এর মধ্যে সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ৫৫ হাজার ২৮১, চন্দগঞ্জে ২৫ হাজার ২৬২, রামগঞ্জে ৩৮ হাজার ৩০, রায়পুরে ২৫ হাজার ৯৭৩, রামগতিতে ২২ হাজার ৫৭১ ও কমলনগরে এক হাজার ২৮৭টি দিলল জমা পড়ে আছে। দলিলের কাজ শেষ না হওয়ায় কমপক্ষে তিন লাখ ক্রেতা ভোগান্তি পোহাচ্ছেন।
জমির ক্রেতারা জানান, আগে জমি নিবন্ধন করার কয়েক মাসের মধ্যে মূল দলিলের তথ্য বালাম বইয়ে লেখার পর তা ক্রেতার কাছে হস্তান্তর করা হতো। বর্তমানে বছরের পর বছর অপেক্ষা করেও জমির ক্রেতারা দলিল পাচ্ছেন না৷
রায়পুর সাব-রেজিস্ট্রার কার্যালয় দলিল লেখক সমিতির সভাপতি সফিকুর রহমান হাওলাদার জানান, বালাম বই না থাকায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলের স্তূপ জমে গেছে৷ জমিসংক্রান্ত তথ্য বালাম বইয়ে লিপিবদ্ধ করতে না পারায় এ কার্যালয় থেকে মূল দলিল সরবরাহ করা যাচ্ছে না৷
রামগঞ্জ উপজেলার ভাদুর গ্রামের আরিফুর রহমান জানান, তাঁরা চার বছর আগে ২৫ শতক জমি কিনে রামগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিবন্ধন করেন। কিন্তু আজও মূল দলিল পাননি। জরুরি কাজে টাকা প্রয়োজন হলেও মূল দলিল না পাওয়ায় তা দেখিয়ে ব্যাংক থেকে তাঁরা ঋণ নিতে পারেননি।
লক্ষ্মীপুরের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, প্রতি মাসে বালাম বইয়ের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু চাহিদা অনুযায়ী বালাম বই সরবরাহ করা হয় না। জেলার ছয়টি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বছরে বালাম বইয়ের চাহিদা রয়েছে পঁাচ হাজার৷ কিন্তু পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ৫০০৷