চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চার সহকারী শিক্ষককে তাৎক্ষণিক বদলি করেছে শিক্ষা বোর্ড। নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া সুলতানার (রিমু) আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার রাতে আদেশটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর সোমবার ওই চার শিক্ষক নতুন কর্মস্থল মেহেরপুরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার প্রথম আলোকে বলেন, এ চার শিক্ষক ছাড়পত্র নিয়ে চলে যাওয়ায় এখন ২ হাজার ২০০ শিক্ষার্থীর এ শিক্ষাপ্রতিষ্ঠানকে ২২ জন শিক্ষক দিয়ে চালাতে হবে। বিদ্যালয়ে শিক্ষকের পদ ৫১টি। অবিলম্বে এখানে নতুন শিক্ষক পদায়ন করা জরুরি।
অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামানের পক্ষে সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেনের গত ৯ মার্চ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বদলিকৃত সহকারী শিক্ষক বা শিক্ষিকারা ১৩ মার্চের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় ওই দিন সন্ধ্যা থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।’
বদলি হওয়া চার শিক্ষকের মধ্যে গণিত বিভাগের মো. হাসানুজ্জামান হেদায়েত ও মোহা. মাসুদুর রহমানকে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে এবং গণিত বিভাগের মোছা. রহিমা খাতুন ও বাংলা বিভাগের মোসা. ওয়াহিদা পারভীনকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। তাঁদের একজন হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা চারজনই সোমবার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা চলাকালে নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে এক চিরকুটে লিখে রেখে যায়, গণিত পরীক্ষা খারাপ হওয়ার কারণে সে এ পথ বেছে নিয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্রীরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে টানা অবরোধ করে। সুরাইয়ার স্বজন ও আন্দোলনকারীদের দাবি, সুরাইয়ার আত্মহত্যার পেছনের কারণ সিলেবাসের বাইরে প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শকের আচরণ ও প্রাইভেট পড়তে শিক্ষকদের অনৈতিক চাপ।
আন্দোলনের মুখে বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক সায়মা ইউনুস ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে কমিটি ১৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে।