বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সম্মানী ভাতা বন্ধ
উপজেলা নির্বাচনের সময় হলফনামায় তথ্য গোপনের অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের মাসিক সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় আবুল কালাম আজাদ স্থানীয় মীর মশাররফ হোসেন কলেজের শিক্ষক নিয়োগসংক্রান্ত ২০০২ সালের একটি ফৌজদারি মামলার প্রধান আসামি ছিলেন। তিনি এর বিবরণ হলফনামায় উল্লেখ না করেই তা নির্বাচন কমিশনে জমা দেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি সরকার প্রদত্ত সব ভাতা নেন। কিন্তু ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ ওই মামলার রায়ে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। পরে তিনি হাইকোর্টে আপিল করলে ওই রায় স্থগিত করা হয়। এ কারণে তাঁর উপজেলা চেয়ারম্যান পদটি বাতিল করা হয়নি। ইউএনও এ টি এম মাহবুব-উল করিম প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চলতি বছর ১৩ ফেব্রুয়ারি একটি পত্র জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, কোনো উপজেলার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলে তিনি ওই সময়ের সম্মানী ভাতা উত্তোলন করতে পারবেন না। এ কারণে চলতি মাস থেকে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সব ভাতা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে অবহিত করার জন্য গত বৃহস্পতিবার তাঁকে পত্র দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি আজ (রোববার) ওই পত্র পেয়েছি। সরকারের সার্কুলার অনুযায়ী ইউএনও আমাকে চলতি মাস থেকে বেতন-ভাতা বন্ধ করার বিষয়টি অবগত করতেই চিঠি দিয়েছেন।’