বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স চলছে একজন চিকিৎসকে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার সব উপকরণ আছে, নেই শুধু চিকিৎসক ও অন্যান্য লোকবল। বর্তমানে একজন চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ হাসপাতালটি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ আল সাঈফ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট ১৬টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন চারজন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিয়োগপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন। অন্য তিনজন বিভিন্ন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে এনে মোট চারজন চিকিৎসক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা চালানো হচ্ছে। ফলে সাতটি উপস্বাস্থ্যকেন্দ্রের একটিতেও বর্তমানে কোনো চিকিৎসক নেই। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার প্রায় সোয়া দুই লাখ মানুষের ভরসা ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২০১১ সালের মার্চ মাসে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম থাকা সত্ত্বেও চিকিৎসক ও জনবলসংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে ৩১ শয্যার বিপরীতে নয়জনের স্থলে একমাত্র চিকিৎসা কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম মে মাস থেকে ছয় মাসের প্রশিক্ষণে আছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বদলি হয়ে রাজবাড়ী সদরে চলে গেছেন। আরেক চিকিৎসা কর্মকর্তা প্রেষণে জাতিসংঘে আছেন। বাকি পাঁচটি পদ শূন্য। তবে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র থেকে তিনজন চিকিৎসককে প্রেষণে আনা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ১৯৮০ সালে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার করা হয় না। ফলে অস্ত্রোপচার কক্ষের বিভিন্ন মূল্যবান সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা গেছে, নার্স ১৩ জনের স্থলে দুজন এবং পরিসংখ্যানবিদ এক বছর ধরে প্রেষণে অন্যত্র কাজ করছেন। এ ছাড়া ক্যাশিয়ারের পদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শকের নয়টির মধ্যে পাঁচটি শূন্য, স্বাস্থ্য সহকারীর ৪৪টির মধ্যে ১০টি, অফিস সহকারীর তিনটি এবং চতুর্থ শ্রেণীর ২৩টি পদের মধ্যে ছয়টি শূন্য রয়েছে।