বালিয়াকান্দিতে আগুনে পুড়ল ১০টি দোকান
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শুক্রবার দিবাগত মধ্যরাতে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দিবাজারে আগুন লাগে। তবে কোন দোকান থেকে এবং কীভাবে আগুনের সূত্রপাত ঘটে, তা বোঝা যায়নি। মুহূর্তের মধ্যে আগুন পাশাপাশি থাকা আটটি দোকানে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে একটি টিনের, একটি আসবাবের, একটি প্লাস্টিকের সামগ্রীর, দুটি পোশাকের, একটি স্বর্ণালংকারের, একটি টেইলার্স এবং একটি ওষুধের দোকান। আগুনে পাশের দুটি মুদি দোকানও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন আবুল বাসার খান বলেন, রাত তিনটার দিকে তিনি বাজারে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাজারে ছুটে আসেন। তখন দেখতে পান, তাঁর টিনের দোকানসহ পাশের কয়েকটি দোকানে আগুন জ্বলছে। দ্রুত রাজবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নেভালেও তার আগে দোকানগুলোর প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে যায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মাজহারুল ইসলাম গতকাল শনিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাঁরা দুটি সারিতে ভাগ হয়ে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে সকাল আটটা বেজে যায়। আগুনে ছোট-বড় ১০টি দোকান পুড়ে গেছে। আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা মাজহারুল ইসলামের।