বালিয়াকান্দিতে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২ এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের কাছ থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। উপজেলার গোসাই গোবিন্দপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ওই দিনই দায়িত্বে অবহেলার কারণে বালিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোসাই গোবিন্দপুর গ্রামের ইউনুস শেখের ছেলে উজ্জ্বল শেখের বিরুদ্ধে একটি মামলায় আদালত সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শুক্রবার দুপুরে হাসানুজ্জামান একজন কনস্টেবল নিয়ে গোসাই গোবিন্দপুর গ্রামে গিয়ে উজ্জ্বলকে গ্রেপ্তার করেন। এ সময় উজ্জ্বলের চাচা জামালপুর ইউপির সদস্য আবদুল কুদ্দুস শেখের নেতৃত্বে ১৫-২০ জন তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালান। এ সুযোগে উজ্জ্বল পালিয়ে যান। পরে  অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বলের মা আলেকা বেগম ও চাচা কুদ্দুসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক জিল্লুর রহমান জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করার অভিযোগে হাসানুজ্জামান বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল শনিবার আদালতে পাঠানো হয়েছে।