বালিয়াকান্দিতে কর্মসংস্থান কর্মসূচিতে চলছে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এক দিন কাজ করিয়ে ৪০ দিনের মাস্টাররোল ও মজুরির চেকে শ্রমিকদের কাছ থেকে জনপ্রতিনিধিরা সই নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়িত বলেও অভিযোগ রয়েছে। বালিয়াকান্দি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে উপজেলার সাতটি ইউনিয়নে ২৩টি প্রকল্পে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ৭০ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেয়। এতে সপ্তাহে পাঁচ দিন করে মোট ৪০ দিন এক হাজার চারজন নারী-পুরুষের কাজ করার কথা। প্রকল্পের শর্তানুযায়ী, প্রত্যেক শ্রমিক দৈনিক ৪৫ ঘনফুট মাটি কাটার বিনিময়ে ১৭৫ টাকা করে পাবেন। গত ১৭ নভেম্বর থেকে কাজ শুরুর কথা থাকলেও উপজেলার সাতটি ইউনিয়নে পৃথক সময়ে কাজ শুরু হয়। ১২ ডিসেম্বর বহরপুর ইউনিয়নের বাঘুটিয়ায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো শ্রমিক নেই। বাঘুটিয়া থেকে পাকালিয়া পর্যন্ত রাস্তা নির্মাণকাজে প্রতিদিন ২০০ জন শ্রমিকের কাজ করার কথা। প্রকল্পের সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য জরিনা বেগম বলেন, ‘প্রথম দিন সব লোক দিয়ে কাজ হয়েছে। তারা আমাকে শুধু নামেই সভাপতি বানিয়ে রেখেছে। আমি সভাপতি হলেও সবকিছু তারাই করে। আমাকে শুধু বৃহস্পতিবার সই করার জন্য ফোন করে। কাজ না হওয়ায় এই বৃহস্পতিবার আমি (২০ ডিসেম্বর) সই করি নাই। তার পরও তারা টাকা তুলেছে।’ অভিযোগ প্রসঙ্গে বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম জানান, রাস্তার জমি নিয়ে ঝামেলা থাকায় কাজ বন্ধ ছিল। এখন অতিরিক্ত লোক লাগিয়ে কাজ শুরু করা হয়েছে। ঘুরঘটিয়া সেতু থেকে অভয়নগর পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক সংস্কারের কথা। সেখানে গিয়ে দেখা যায়, ২০ জন শ্রমিক রাস্তার মাটি চেঁছে সমান করছেন। এখানে ৪০ জন শ্রমিকের কাজ করার কথা। প্রকল্পের সভাপতি ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খিরোদ চন্দ্র বিশ্বাস জানান, চেয়ারম্যান ২০ জন শ্রমিক দিয়ে কাজ করানোর কথা বলেছেন। জঙ্গল ইউপির চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যথাযথ নিয়মেই কাজ হচ্ছে। আমি কখনোই ২০ জন শ্রমিক দিয়ে কাজ করানোর কথা কাউকে বলিনি।’ বালিয়াকান্দি ভেলোমাতুব্বরের বাড়ি থেকে পশ্চিম মৌকুড়ি এলাহি প্রধানের বাড়ি পর্যন্ত দুই হাজার ৭০০ মিটার রাস্তা পুনর্নির্মাণ করার কথা। এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, এখানে ১৫-২০ জন শ্রমিক কাজ করছেন।প্রকল্পের সভাপতি বালিয়াকান্দি ইউপির চেয়ারম্যান খন্দকার মশিউল আযম জানান, ১৭৫ টাকায় কোনো শ্রমিক পাওয়া যায় না। শ্রমিকদের মজুরি বাড়িয়ে দিতে হয়। তাই শ্রমিকের সংখ্যা একটু কম। তবে কাজ অন্য সবার চেয়ে অবশ্যই ভালো হচ্ছে। চেষ্টা করেও বালিয়াকান্দির পিআইওর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘কাজ খুব ভালো হচ্ছে, তা বলব না। তবে কাজ ভালো করার জন্য চেষ্টা করা হচ্ছে। সুযোগ পেলেই প্রকল্প এলাকা পরিদর্শন করে আসছি।’