বালিয়াকান্দিতে ঘরজামাইয়ের লাশ উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার আমিন মল্লিক (৩৫) নামের এক ঘরজামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন আমিন।
আমিন উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া মধুপুর গ্রামের বাসিন্দা। বাবার নাম হানিফ মল্লিক। আমিন একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
আমিনের বোন তাসলিমা বেগমেরও খালকুলা গ্রামে বিয়ে হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, আমিন বিয়ের পর থেকেই খালকুলা গ্রামে শ্বশুর তোফাজ্জেল মল্লিকের বাড়িতে বাস করে আসছেন। তাঁর একটি মেয়েসন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহের জের ধরেই আমিন আত্মহত্যা করেছেন। গতকাল ভোর ছয়টার দিকে বাড়ির পাশের একটি মেহগনি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।