রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে ১ ডিসেম্বর ককটেল নিক্ষেপের ঘটনায় গত বুধবার ছাত্রদলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মেহেদী হাসান (২৪) ও আকিদুল ইসলাম (২৮)। মেহেদী হাসান বালিয়াকান্দি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বালিয়াকান্দি শহরের টিঅ্যান্ডটি পাড়ার আল মাসুদের ছেলে। আকিদুল ইসলাম বালিয়াকান্দির পশ্চিমপাড়ার ওয়াহেদ শেখের ছেলে ও ছাত্রদলের কর্মী।
এর আগে একই ঘটনায় ২ ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক মিয়া ও বিএনপিকর্মী নুরুল ইসলাম এবং ৭ ডিসেম্বর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বালিয়াকান্দি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জামায়াত নেতা ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়।
বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার একটি ইটভাটা থেকে গত বুধবার রাত পৌনে আটটার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।