বালিয়াকান্দিতে দুই ‘চরমপন্থী’ নিহত
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গত মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন জঙ্গল ইউনিয়নের রামখোলা মন্দির বাজার এলাকার চাঁদমোহন বাড়ৈ (৪০) ও মাগুরার শ্রীপুর উপজেলার গয়েদপুর গ্রামের শহীদুল ইসলাম (৩৫)। বালিয়াকান্দি থানার পুলিশের দাবি, চাঁদমোহন চরমপন্থী চাঁদ বাহিনীর প্রধান, শহীদুল চরমপন্থী বিধান বাহিনীর সদস্য।এ ব্যাপারে চাঁদের স্ত্রী বুলবুলি বাড়ৈ দুজনের নামসহ নয়-দশজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে গতকাল বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেছেন।চাঁদমোহনের চাচা নিখিল রঞ্জন বাড়ৈ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রামখোলা মন্দির বাজারের পাশেই চাঁদদের বাড়ি। মঙ্গলবার রাত নয়টার দিকে চাঁদ বাজারে ছিল। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী চাঁদমোহনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা চাঁদের লাশ নিয়ে মাগুরার শ্রীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর চাঁদের মৃত্যু হলে তাঁর লাশ ফেলে চলে যায় সন্ত্রাসীরা।নিখিলের দাবি, চাঁদমোহন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তবে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য তাঁর একটি দল ছিল। এ ব্যাপারে চাঁদমোহন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন শেখ বলেন, প্রভাব বিস্তারের জের ধরে শ্রীপুরের চরমপন্থী বিধান বাহিনীর সদস্যরা চাঁদ বাহিনীর প্রধান চাঁদমোহনকে হত্যা করতে পারে। পরে কোন্দলের সৃষ্টি হলে নিজেদের বাহিনীর সদস্যদের গুলিতে শহীদুল নিহত হতে পারে। ঘটনার আধঘণ্টা পর চাঁদের লাশ এবং গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গরদা চর থেকে শহীদুলের লাশ উদ্ধার করা হয়।পুলিশ চাঁদমোহনকে চরমপন্থী সন্ত্রাসী বললেও তাঁর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান।এদিকে প্রথম আলোর মাগুরা প্রতিনিধি শ্রীপুর থানার ওসি কাজী ছালেকের বরাত দিয়ে জানান, শহীদুল শ্রীপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা ও অস্ত্র আইনে চার-পাঁচটি মামলা রয়েছে।