বালিয়াকান্দিতে নারীদের উপস্থিতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচন গতকাল বুধবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৬০টি কেন্দ্রের মধ্যে নারুয়া, জংগল ও নবাবপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি বেশি। এসব কেন্দ্রে নারীরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

উপজেলায় চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ ও ‘বিদ্রোহী’ প্রার্থী খলিলুর রহমান খান, বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হোসেন খান ও ‘বিদ্রোহী’ প্রার্থী এম এম গোলাম শওকত প্রতিদ্বন্দ্বিতা করেন।

নারুয়া ইউনিয়নের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা হালিমুন বেগম বলেন, ‘জাতীয় নির্বাচন হয়েছে কিন্তু ভোট দিতে পারিনি। এবার বাধা ছাড়াই ভোট দিতে পেরে আনন্দ লাগছে।’

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কেন্দ্রের ভোটারের সংখ্যা দুই হাজার ৪৬৯ জন। তবে পুরুষ সংখ্যায় বেশি হলেও নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নবাবপুর উচ্চবিদ্যালয়কেন্দ্রে শতবর্ষী আলোমতি সরকার চার ছেলে-বউয়ের সহায়তা নিয়ে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘এত দিন পর একটা ভোট দিব, এটা খুশির খবর। তাই বউদের সাথে নিয়ে আমি ভোট দিতে আইছি।’

৪৩ নম্বর জংগল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুদর্শন কুমার রায় বলেন, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরে ব্যাপক উপস্থিতি দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।