বালিয়াকান্দিতে পুলিশ ঠেকাল কিশোরীর বাল্যবিবাহ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পুলিশের তৎপরতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৬)। গতকাল সোমবার উপজেলার নবাবপুর ইউনিয়নে ওই কিশোরীর বাড়িতে গিয়ে পুলিশ বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ সময় অভিভাবকেরাও তার বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরী তিন বছর আগে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার বাবা বিদেশে থাকেন। পার্শ্ববর্তী একটি গ্রামের যুবকের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়। গতকাল সোমবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে তোরণ নির্মাণ করা হয় ওই কিশোরীর বাড়ির সামনে। দুপুরে বরপক্ষ ও অতিথিদের আপ্যায়নের জন্য রান্না করা হয়। অতিথিরাও বাড়িতে আসতে শুরু করেন। খবর পেয়ে বেলা দেড়টার দিকে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানার নেতৃত্বে এক দল পুলিশ ওই বাড়িতে যায়। কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহ সম্পর্কে তারা নিশ্চিত হয়। পরে তারা বিয়ে বন্ধ করতে বলে। না হলে পরিবারের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। অভিভাবকেরা বিয়ে বন্ধে সম্মত হওয়ার পর পুলিশ সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর বরপক্ষের লোকজন ওই বাড়িতে যায়নি।
কিশোরীর বড় ভাই মুঠোফোনে বলেন, ‘বাবা দুবাই থাকেন। আমিও দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিদেশে যাওয়ার আগে ভেবেছিলাম ছোট বোনটাকে বিয়ে দিয়ে যাব। পুলিশ এসে সব বন্ধ করে দিয়েছে। আপাতত তার বিয়ের কথা ভাবছি না। বরপক্ষকে সেই কথা জানিয়ে দিয়েছি।’
এ ব্যাপারে জানতে চাইলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এরপরও বিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।