বালিয়াকান্দিতে বাহাদুর মোল্লা হত্যার বিচার দাবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে বাহাদুর মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের নটাপাড়া বাজার এলাকায় নিহতের স্বজনেরা ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এতে এলাকার পাঁচ শতাধিক লোক অংশ নেয়।নিহতের স্ত্রী মালেকা বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা তাঁর স্বামীকে ঘরের ভেতর প্রবেশ করে হত্যা করেছে। সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। মামলা করায় সন্ত্রাসীরা এখন তাঁদেরকে হুমকি দিচ্ছে।মামলার বাদী নিহতের চাচাতো ভাই হাবিবুর রহমান বলেন, মামলার প্রধান আসামিরা বিভিন্ন সময়ে তাঁদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হত্যাকাণ্ডের দিন চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত ২৩ জুলাই সকালে পূর্বশত্রুতার জের ধরে নিজ বাড়িতে বাহাদুর মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন বিকেলে নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর মোল্লা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১৫-২০ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।